ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাকিব নামের আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সজিব উদ্দিন উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারখীল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর মিস্ত্রির ছোট ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজিব ও তার বন্ধু রাকিব মোটরসাইকেলযোগে ফটিকছড়ি সদরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস ইউপি সদস্য আমিনুল!

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। আহত রাকিব বর্তমানে চমেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সজিবের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত মিনি ট্রাকটি ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

















