যে বয়সে শিশু-কিশোরদের সময় কাটে খেলাধুলা আর দুরন্তপনায়, সেই বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১১ বছর বয়সী মোহাম্মদ রাকিবুল ইসলাম। মাত্র ১৭ মাসের একাগ্র সাধনায় হিফজ সম্পন্ন করে প্রশংসায় ভাসছে নেত্রকোনার এই খুদে শিক্ষার্থী। গত ২০ নভেম্বর রাজধানীর জামিয়াতুন নুর মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে সে।
রাকিবুলের এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ অধ্যবসায়, শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতা। তার হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খানের দিকনির্দেশনায় মাত্র ১৭ মাসেই পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয় সে।
এত অল্প বয়সে এবং স্বল্প সময়ে রাকিবুলের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন জামিয়াতুন নুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

মাত্র ১১ বছর বয়সে রাকিবুলের এমন অর্জন পরিবার, শিক্ষক ও মাদ্রাসার জন্য আনন্দের বিষয়। তার এই সাফল্য কুরআন শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

















