দল প্রয়োজন মনে করলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, দল যদি মনে করে কোনো কৌশলগত কারণে তাকে মেয়র নির্বাচনে প্রার্থী করা প্রয়োজন, তাহলে তিনি প্রস্তুত রয়েছেন। আবার দল অন্য কাউকে প্রার্থী করলে দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও কথা বলেন ইশরাক। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় অনেক রাস্তা অর্ধসমাপ্ত অবস্থায় ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক ঠিকাদার চলে যাওয়ায় এসব কাজ আটকে যায়। তবে বেশির ভাগ রাস্তার কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং কিছু জায়গায় ফিনিশিংয়ের কাজ চলছে।
যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করে কাজ করছেন। তার মতে, শুধু নীতিমালা করলেই হবে না, সেটি বাস্তবায়নও করতে হবে। কিছু এলাকায় জোনভিত্তিক সীমিতসংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সিটি করপোরেশনের সক্ষমতা নিয়ে ইশরাক বলেন, ঢাকায় প্রায় তিন কোটি মানুষ বসবাস করে। তাই সিটি করপোরেশনকে দোষারোপ না করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন বলেও জানান তিনি।
ইশরাক আরও বলেন, ঢাকায় সাতটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি সেবাদানকারী সংস্থা কাজ করে। সমন্বিত পরিকল্পনার অভাবে নগরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই ঢাকার জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
বুড়িগঙ্গা দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, সড়কবাতি ও ম্যানহোলের ঢাকনাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান ইশরাক।

















