গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট আগুনে একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. উল্লাস প্রামাণিক। তিনি ওই গ্রামের এনদা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মশা তাড়ানোর জন্য রাতে গোয়ালঘরে একটি কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। ভোররাতে ওই কয়েল থেকে হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!

আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তিনটি সেচপাম্প চালু করে পানি ছিটিয়ে গ্রামবাসী সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা গরুটি আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
















