টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার পর বাসররাতেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন আয়নাল। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন তিনি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল তাঁর। তবে গত জুলাই মাসে দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রথম স্ত্রী চলে যান বলে পরিবার সূত্রে জানা গেছে। এরপর দুই সন্তানকে নিয়ে হতাশায় ছিলেন আয়নাল।
ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এ অবস্থায় পরিবারের সদস্যদের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুন (২০)কে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ গ্রামের বাবার বাড়িতে ফেরেন আয়নাল।
পরে বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই তিনি মারা যান।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনা সত্য হলেও এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বা লিখিতভাবে কিছু জানাননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আয়নাল স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

















