রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে। চেকপোস্ট বসিয়ে পরিচালিত এ অভিযানে অবৈধ সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই নির্ধারিত সময়ের আগেই যানবাহন থেকে এসব সরঞ্জাম খুলে ফেলার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হবে। কোনো যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন কিংবা বিকন লাইট সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সাধারণ মানুষের চলাচল ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এখনো তা দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
সাত মামলায় পরোয়ানাভুক্ত সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অবৈধ ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি জানান, অভিযান চলাকালে অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অনেক যানবাহনে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সার লাগানো হচ্ছে, যা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এসব যানবাহন ছাড়া মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ অন্যান্য বাণিজ্যিক মোটরযানে উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।
অটোরিকশা ও একই ধরনের যানবাহনের উচ্চ শব্দ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি জানান, সিটি করপোরেশন বর্তমানে এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর এসব যানবাহনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইট সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে এলাকাভেদে শব্দের সর্বোচ্চ মাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর তফসিল অনুযায়ী, নীরব এলাকায় দিনে সর্বোচ্চ ৫০ ও রাতে ৪০ ডেসিবেল শব্দের মাত্রা অনুমোদিত। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া প্রচলিত বিধিমালায় শব্দদূষণসংক্রান্ত অপরাধের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। জনসমাগমস্থলে অনুমোদনহীন মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্নসহ অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শনের দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতেও হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, মোটরযানে সতর্কতা প্রদানের জন্য অনুমোদিত হর্ন থাকতে হবে এবং এর শব্দ নির্ধারিত মাত্রার বেশি হতে পারবে না। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার নিষিদ্ধ। তবে অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও রাষ্ট্রীয় জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ ক্ষেত্রে ছাড় পাবে।
সব মিলিয়ে রাজধানীর সড়কে শব্দদূষণ কমানো এবং যানবাহনে শৃঙ্খলা ফেরাতে ১ ডিসেম্বর থেকে ডিএমপির এ অভিযান শুরু হচ্ছে। নির্ধারিত সময়ের পর অনুমোদনহীন হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
















