চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। কলেজটির এমন ফল বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার (১ নভেম্বর) সকালে কলেজের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতারা।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, একটি কলেজের ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন অকৃতকার্য হওয়ার মতো ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এ ফল বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

তিনি বলেন, শিক্ষকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ বা তদবিরের জন্য ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে এবং মেধার ভিত্তিতেই ফরম পূরণের সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় যেন প্রাধান্য না পায়।
মেহেদী আরও বলেন, ফুল তাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
















