ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরানের দুই বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় বিমানবন্দর দুটির অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরগুলোতে যাত্রী, কর্মী এবং বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

তবে হামলার ঘটনায় সৌদি সরকারের বিবৃতিতে সরাসরি কোনো গোষ্ঠী বা পক্ষকে দায়ী করা হয়নি। এর আগে একই দিনে ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
হুথিদের দাবি অনুযায়ী, জাজান ও নাজরানের সংবেদনশীল স্থাপনার পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘ এলাকায় সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হুমকির কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
দক্ষিণ সৌদি আরবের জাজান ও নাজরান ইয়েমেন সীমান্তের কাছাকাছি হওয়ায় অঞ্চল দুটি দীর্ঘদিন ধরেই সৌদি-হুথি সংঘাতের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। সাম্প্রতিক হামলার ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

















