শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। সেটিকে খেলনা বল মনে করে সে হাতে তুলে নেয়। এ সময় তার সহপাঠী কামরুল বিষয়টি দেখে জুনায়েদের কাছে বস্তুটি সম্পর্কে জানতে চায়।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল হিসেবে শনাক্ত করেন। বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে জুনায়েদ বস্তুটি হাত থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই ককটেলটি বিস্ফোরিত হয় এবং কাছে দাঁড়িয়ে থাকা কামরুল গুরুতর আহত হয়।
বিস্ফোরণে কামরুলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি ককটেল উদ্ধার করে। এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সাইদুজ্জামান বলেন, “ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

















