দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তির পর দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও, ছেলের প্রথম সিনেমা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয়।
দক্ষিণী সিনেমায় দীর্ঘদিন ধরে জনপ্রিয় নাম থালাপতি বিজয়। তবে বাবার পথ অনুসরণ করে ক্যামেরার সামনে আসেননি তার ছেলে জেসন সঞ্জয়। বরং পরিচালনাকে নিজের ক্যারিয়ারের পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
দীর্ঘদিনের আলোচনার পর গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’। এটি একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ।
২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে ‘ম্যাস এন্টারটেইনার’ ও পয়সা উসুল সিনেমা হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে সন্দীপ কিষানের উপস্থিতি, ইন্টারভ্যাল ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর এবং প্রেক্ষাগৃহে উপভোগ করার মতো।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। দর্শকদের একাংশের মতে, একজন নবাগত পরিচালক হিসেবে জেসন আরও ভালো করতে পারতেন। কেউ কেউ সিনেমার চিত্রনাট্য ও চরিত্রায়নকে দুর্বল এবং গতানুগতিক বলেও মন্তব্য করেছেন।
এদিকে ছেলের প্রথম সিনেমা নিয়ে বিজয়ের নীরবতার কারণও আলোচনায় এসেছে। জেসন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবা সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হলেও প্রচারণায় অংশ নেবেন না। বাবার পরামর্শ মেনেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান বলেও জানিয়েছিলেন তিনি।
বাবার সঙ্গে সম্পর্ক নিয়েও সাম্প্রতিক সময়ে নানা আলোচনা হয়েছে। গত মে মাসে বিজয়ের একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে তার স্ত্রী সঙ্গীতা, ছেলে জেসন ও মেয়ে দিব্যাকে দেখা যায়নি। এরপর জেসনের ইনস্টাগ্রামে বাবাকে আনফলো করার বিষয়টিও আলোচনায় আসে।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে জেসনের কথায় বাবা-ছেলের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বাবার সঙ্গে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জানিয়েছেন, বিজয় তাকে পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি প্রয়োজন হলে বাবার সহায়তা নেওয়ার সুযোগও তার রয়েছে বলে জানিয়েছেন জেসন।

















