চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। পরে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকারীদের দাবি, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা জানাতেই তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার কনসেশন চুক্তি সই হয়।
শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!

সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ জানাতে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তার দাবি, এ চুক্তির মাধ্যমে দেশের বন্দর ও জাতীয় সম্পদের ওপর বিদেশি প্রভাব বাড়বে। কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সিপিবির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পুলিশের লাঠিপেটায় সাজ্জাদ জহির চন্দনসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
















