বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আবরার হত্যার পর শিশির মনিরদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি তাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে দাবি করেন, সে সময় ছাত্রশিবিরের অনেকে ছাত্রলীগের পরিচয়ে সক্রিয় ছিলেন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আবরারকে ‘শিবির’ তকমা দিয়ে হত্যা করা হলে তার বিচারের দাবিতে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল। তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত নুরুল হক নুরের আন্দোলন-সংগ্রামের ভূমিকার প্রশংসা করেন।
নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

তার পোস্টে রাশেদ খাঁন বলেন, আন্দোলনের কঠিন সময়ে বর্তমান ছাত্রশিবিরের ভিপি-জিএসদের কোনো অস্তিত্ব ছিল না। তারা হল ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতা ছিলেন বলেও দাবি করেন তিনি।
এ সময় তিনি নুরুল হকের আন্দোলনের ভূমিকার সঙ্গে জামায়াত-শিবিরের ভূমনার তুলনা করেন এবং নুরুল হকের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে হাইকোর্টেও মামলাটির শুনানি হয় এবং আসামিপক্ষে আইনজীবীদের মধ্যে শিশির মনির ছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শিশির মনির জানান, হাইকোর্টে আবরার হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর আপিল বিভাগে তিনি আর কোনো আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।
















