চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি কমলাগুলো কিনে নেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। রাত একটার দিকে মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়।
মাহফিল সংশ্লিষ্টরা জানান, নিলামে ৫ হাজার টাকা থেকে কমলার ডাক শুরু হয়। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দাম হাঁকেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। শেষ পর্যন্ত ওই দামেই চারটি কমলা তাঁর কাছে বিক্রি করা হয়। পুরো ওয়াজ মাহফিলের পাশাপাশি নিলাম পর্বও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, দোয়ার আগে কমলাগুলো নিলামে তোলা হয়। নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। সাধারণ মানুষের সহযোগিতায় এসব প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।
কমলা কিনে নেওয়া আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদ্রাসাটিকে বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। মাদ্রাসার উন্নয়নে তাঁর বাবা সবসময় পাশে থাকেন বলেও জানান তিনি।
মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মাদ্রাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা নিলামে তুলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
এ ছাড়া আধা কেজি খেজুরও নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য, ফলগুলো বেশি দামে বিক্রির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা সংগ্রহ করা। নিলামে ফল কেনা ব্যক্তিরা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী।
















