জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ খবরের প্রতিবাদ জানিয়ে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলা অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনের ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’
ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ফারজানা আফরোজ সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। এ ছাড়া চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ করেন রনি। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

কালবেলা অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। এনসিপির একটি সূত্রও সংবাদমাধ্যমটিকে এ তথ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তবে এনসিপিতে তাঁর যোগদান এবং সম্ভাব্য পদ-পদবি নিয়ে দলটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















