বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টি আইনি এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশের সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে ভারত সরকার আগ্রহী—এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সেই প্রতিবেদনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি।
কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। তাই বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হবে।
এদিকে, বাংলাদেশের সঙ্গে নির্ধারিত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।
জয়সওয়াল আরও বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
















