রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছর বয়সী শিশু মেয়েটির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অন্তঃসত্ত্বা মা। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মোছা. সিনথিয়া। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার পিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ এলাকা থেকে বালুবোঝাই একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়ে।
নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

দুর্ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন অন্তঃসত্ত্বা আশা বেগম ও তার মেয়ে সিনথিয়া। ট্রাকের আঘাতে মা-মেয়ে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিনথিয়ার মৃত্যু হয়। অন্যদিকে আহত আশা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একটি বালুবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় মুহূর্তেই এলোমেলো হয়ে গেল একটি পরিবারের জীবন। যে শিশুটি ঘুমিয়ে ছিল নিজের ঘরে, সেই সিনথিয়ার আর বাড়ি ফেরা হলো না। আর হাসপাতালে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা মায়ের অপেক্ষা এখন সুস্থ হয়ে ওঠার।
















