সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৫ নভেম্বর শুরু হবে।
বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত দক্ষতা উন্নয়নবিষয়ক একটি কর্মসূচির আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বিআরটিসির চলমান কর্মসূচিতে ২০ হাজার চালক পাঁচ দিনব্যাপী পুনঃপ্রশিক্ষণ পাবেন।
পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

এদিকে বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় নারী চালকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও বর্তমানে তাঁদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের জ্ঞান বাড়ানো এবং নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেও চালকদের সচেতন করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি।
এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
















