যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। এ ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন অথবা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীন কোরআনের একটি কপি বেছে নেওয়ার কথা ভাবছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের শপথ গ্রহণের পরিকল্পনা তুলে ধরেন আবদুল এল-সাইয়েদ।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’
সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সম্ভাব্য দুটি কপির বিষয়ে বলতে গিয়ে এল-সাইয়েদ জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে পবিত্র কোরআনের একটি কপি ছিল। এর আগে কংগ্রেস সদস্য কিথ এলিসন শপথ নেওয়ার সময় সেই কোরআনের কপি ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির একটি প্রাচীন কোরআনের কপিও তার বিবেচনায় রয়েছে। ঐতিহাসিক গুরুত্বের কারণে সেটিও শপথ অনুষ্ঠানে ব্যবহারের জন্য বেছে নিতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটর নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে।
আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে শপথবাক্য পাঠ করাবেন।
সূত্র: সামা টিভি
















