বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে সরকারি দল কিংবা বিরোধী দল—কেউই নিরাপদে থাকতে পারবে না। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপিকে শর্তহীনভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে। পাশাপাশি বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে জামায়াতের কোনো নেতা-কর্মীর বাড়ি কিংবা দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে না বলে উল্লেখ করেন তিনি।
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশেদ খাঁন বলেন, এ বিষয়টি নিয়ে তাঁরা সরাসরি কোনো সন্দেহ প্রকাশ করছেন না, তবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে কোনো বক্তব্য না আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে কোনো ধরনের গোপন সমঝোতার অভিযোগ না তুলে রাজপথে এর প্রমাণ দেখতে চান বলে জানান।
তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অংশ নেবে বলে আশা করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে রাশেদ খাঁন বলেন, চলমান অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হলে কেউই রক্ষা পাবে না। শুধু সরকারি দল বিপদে পড়বে, বিরোধী দল নিরাপদ থাকবে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে এবং সমন্বয়ক হাসিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে সরকারি ও বিরোধী—কোনো পক্ষের মানুষই নিরাপদ নয়।

















