কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাও গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের দিঘলগাও গ্রামের মৃত আবদুল রাজ্জাকের ছেলে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বরুড়ার চন্ডিমুড়া বাজার থেকে পালনের জন্য তিনি একটি ছাগল কিনে আনেন। বিকেলে সেই ছাগলের জন্য গ্রামের ভেতর দীঘিরপাড় এলাকায় একটি কাঁঠাল গাছে পাতা পাড়তে ওঠেন তিনি। হঠাৎ গাছ থেকে তিনি দীঘির পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ওই গ্রামের শামীম নামের এক মুরুব্বি বলেন, “কাঁঠাল গাছটি অনেক ছোট। সেখান থেকে পড়ে তার মৃত্যু হবে, এটি আশ্চর্য লাগছে। মহান আল্লাহ তায়ালা ভালো জানেন।”


















