দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। তাদের মধ্য থেকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।
জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (RAC) বিষয়ে ৮ জন, অটোমোটিভ মেকানিক্স বিষয়ে ১৭ জন, ড্রাইভিং বিষয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনসহ মোট ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্যের কর্মসংস্থান নিশ্চিত হয়। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (HR) প্রতিনিধির উপস্থিতিতে আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাওয়া এসব প্রশিক্ষণার্থীর দক্ষতা ও যোগ্যতা যাচাই করে নিয়োগের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যরা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, বহুমুখী ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা হয়েছে। কেবল প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতার প্রয়োগ এবং সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ততা ও জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ তৈরি করা হয়েছে। এতে বাহিনীর সদস্যরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি কর্মজীবনে প্রবেশের বাস্তব সুযোগ পেয়েছেন।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

দিনাজপুর আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসংস্থানের পরিসংখ্যানেও এ উদ্যোগের ধারাবাহিকতা দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া মোট ৩১৭ জন সদস্যের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার এ উদ্যোগ সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, পারিবারিক জীবনমান উন্নয়ন এবং দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে ভূমিকা রেখেছে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়ানোর পথও সুগম হয়েছে।
দিনাজপুরের জেলা কমান্ড্যান্টের সার্বিক সমন্বয়ে জব ফেয়ারটি সম্পন্ন হয়। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও চাকরি পেতে সহযোগিতা পাওয়ায় উপকৃত সদস্য ও তাদের অভিভাবকরা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ জাতীয় উন্নয়নেও অবদান রেখেছে।

















