কালিয়াকৈর প্রতিনিধি:
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে মৌচাক এলাকার লগোস অ্যাপারেলসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে যায়। মহাসড়কের এক পাশে শত শত শ্রমিক অবস্থান নেন এবং আরেক পাশে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ লাইন তৈরি হয়। ফুটওভার ব্রিজের ওপরেও উৎসুক জনতার ভিড় জমে।
পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সরে যেতে বললে তারা উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানান ওসি। পরে পুলিশ সদস্যরা হেলমেট, ঢাল ও লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন এবং ডিভাইডারের ওপাশে শত শত নারী-পুরুষ শ্রমিক জড়ো হন। এক পর্যায়ে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছোড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় পুরো সড়ক ঢেকে যায় এবং পুলিশ গলির ভেতরেও অভিযান চালায়। পরে পুলিশ, বিজিবি, আনসার বাহিনী ও এপিবিএন সদস্যরা একসঙ্গে মাঠে নামলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সরে যেতে বললে তারা উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল। শ্রমিক ভাইয়েরা তাদের গার্মেন্টসে কর্মরত ছিলেন। কিছু সংখ্যক লোক ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ায় যে বিভিন্ন গার্মেন্টসে ছুটি দেওয়া হয়েছে, তারা রাস্তায় এসেছে। এই গুজবে তারা প্রথমে লগোস গার্মেন্টস থেকে কিছু সংখ্যক শ্রমিক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকার কারণে তারা দাঁড়াতে পারেনি।’
ওসি বলেন, ‘আমি নিজেই সেখানে ছিলাম। পরে শুনতে পেলাম ছদ্ম নামে তারা দাঁড়িয়ে আছে। আমরা অফিসার ও ফোর্স পর্যাপ্ত পরিমাণে ছিলাম। আমাদের সাথে পরে বিজিবি এসেছে, আনসার বাহিনী এসেছে এবং এপিবিএন এসেছে। এখানে আসার পরে পর্যাপ্ত ফোর্সের ভয়ে তারা এলাকা ছেড়ে চলে যায়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দু-একটা ফাঁকা সাউন্ড গ্রেনেড ছুড়েছি, যাতে তারা সরে যায়।’
শ্রমিকরা জানান, ২৪ নভেম্বর মজুরি নির্ধারণে বোর্ড বসবে। তার আগেই ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি জোরালোভাবে তুলে ধরতে তারা রাস্তায় নেমেছিলেন। এক শ্রমিক বলেন, ‘এই বেতনে সংসার চলে না। বাজারে জিনিসের দাম যে হারে বাড়ছে, বেতন না বাড়লে বাঁচব কেমনে? আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে চাই।’
এদিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এটিএক্স অ্যাপারেলস লিমিটেড ও লগোস অ্যাপারেলস কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা গেটে অবস্থান করলেও তারা মহাসড়ক অবরোধ করেননি।
ঘটনার পর মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও কোনাবাড়ীসহ পুরো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দোকানপাট খোলা ছিল এবং মানুষের চলাচলও স্বাভাবিক হয়ে আসে। গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল দেখা যায়। গুজব থেকে শুরু হওয়া আধা ঘণ্টার অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের ঘটনার পর যৌথ বাহিনীর তৎপরতায় কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকরা মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন।

















