সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তাঁর এনআইডির বিপরীতে আগেই নিবন্ধিত হয়েছে ১৮টি সিম। অথচ তাঁর দাবি, তিনি নিজে কোনো সিমই তোলেননি। বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে কয়েকটি সিম বন্ধ করতে পারলেও এখনো সবগুলো বাতিল করতে পারেননি। নিজের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে সিম নিবন্ধনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
ভুক্তভোগী আব্দুল মালেক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি মৃত নোয়াব আলীর ছেলে।
মালেক জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকায় আগে তাঁর জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়নি। দেশে ফিরে প্রায় দুই মাস আগে এনআইডির জন্য আবেদন করেন। এক সপ্তাহ আগে কার্ড হাতে পান। পরে সুজাতপুর বাজারের একটি কম্পিউটারের দোকানে নিজের নামে সিম কিনতে গেলে দোকানদার জানান, তাঁর এনআইডির বিপরীতে ইতোমধ্যে ১৮টি সিম নিবন্ধিত রয়েছে। এরপর চাঁদপুরে বিভিন্ন মোবাইল অপারেটরের কার্যালয়ে গিয়ে সিম নিবন্ধনের তথ্য যাচাই করেন তিনি।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

আব্দুল মালেক বলেন, ‘আমি তো একটা সিমও ক্রয় করিনি। এই সিমগুলো তুলল কারা, কী ভালো-মন্দ কাজে ব্যবহার হচ্ছে, কিছুই জানি না। কষ্ট করে সিমগুলো বাতিল করলাম। কিন্তু ভবিষ্যতে আবার যদি ওই চক্র সিম তুলে নেয়, তখন আমি কী করব?’
তিনি দাবি করেন, জাতীয় পরিচয়পত্র তৈরির সময় শুধু নির্বাচন অফিসেই আঙুলের ছাপ দিয়েছেন। এর বাইরে অন্য কোথাও আঙুলের ছাপ দেননি। শুধু নিবন্ধিত সিমগুলো বাতিল নয়, ভবিষ্যতে যেন তাঁর পরিচয়পত্র ব্যবহার করে নতুন করে কোনো সিম নিবন্ধন করা না যায়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মালেক জানান, এ ঘটনায় থানায় যোগাযোগ করলে তাঁকে নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাঁর আশঙ্কা, এসব সিম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটালে এর দায়ে তাঁকে হয়রানির শিকার হতে হতে পারে।
মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলার বলেন, ‘একজন নাগরিকের অজান্তে তাঁর এনআইডির বিপরীতে ১৮টি সিম নিবন্ধনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সিম নিবন্ধন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কারা এসব সিম নিবন্ধন করেছে, তাদের শনাক্ত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন বলেন, ‘আমার চাকরিজীবনে এ ধরনের ঘটনা প্রথম দেখলাম। একজন ব্যক্তির আঙুলের ছাপ ছাড়া কীভাবে তাঁর জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এতগুলো সিম নিবন্ধন করা সম্ভব, তা আমার বোধগম্য নয়। তবে আমাদের অফিসের সার্ভার হ্যাক করা সম্ভব নয় বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, ‘এটার দায়ভার আমাদের নয়। এ দায়ভার নিতে হবে সিম কোম্পানিগুলোর।’
চাঁদপুর বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক হাসিব আহম্মেদ বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি না। এটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিষয়।’
তবে সিম নিবন্ধনের বিষয়টি নিয়ে বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল অপারেটরগুলোর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

















