বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই সফরের তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ থাকবে।
আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে দুই দেশে সফরের কর্মসূচি ও বৈঠকের বিস্তারিত সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
ছয় দিনের এই সফরে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
এদিকে শুক্রবার ঢাকা ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতারা। তাদের মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
দুই দেশের এই সফরে সরকারি পর্যায়ে যোগাযোগ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
















