দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ড ঘটছে। এ পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং রাজনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। এমনকি সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান

এদিকে সরকারের ব্যর্থতা ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেবেন বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। তাঁর প্রত্যাশা, লংমার্চের বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবির ব্যাখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যটির গণরায় অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।
এ ছাড়া জুলাই গণহত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট নিরসনের দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের আহ্বান জানান।
দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।’
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে। তবে দীর্ঘ এই যাত্রায় মহাসড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হতে পারে বলে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। যানজট এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চ পরিচালনার পরিকল্পনার কথাও জানান।
কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি বহরের নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও গণমাধ্যম দলের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। লংমার্চে অংশগ্রহণকারীদের টোল পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শও দেন তিনি।
















