আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফেরার পথে কোনো বাধা নেই। তবে যারা অপরাধ করেছেন, তাঁদের এ দেশের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটি ক্লাব’ আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে। বাংলাদেশকে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৪ সালের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার বাধা সৃষ্টি করছে। তাঁর দাবি, বিএনপিও ফ্যাসিবাদের পথে এগিয়ে আওয়ামী লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে।
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় গিয়ে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

















