রাজধানীতে সকাল থেকে ধীরগতিতে চলেছে যানবাহন। দুপুরের দিকে যানজট তীব্র আকার ধারণ করায় বিভিন্ন সড়কে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং মিছিলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যুবদলের পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন নেতাকর্মীরা। তাঁদের বহনকারী যানবাহনের চাপ এবং মিছিলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। কোথাও কোথাও তৈরি হয় দীর্ঘ যানজট।
দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!

ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে করে কর্মসূচিতে যোগ দিতে আসেন নেতাকর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের লেন ঘেঁষে এসব যানবাহন সারিবদ্ধভাবে পার্ক করে রাখতে দেখা যায়। এতে অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি মিছিলের কারণে সড়কে চলাচল আরও ধীর হয়ে পড়ে।
যানজটের কারণে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, কারওয়ান বাজার থেকে মোটরসাইকেলে মোহাম্মদপুর যেতে সাধারণত সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগে। কিন্তু এদিন একই পথ পাড়ি দিতে তাঁর এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. ওমর আলী বলেন, লেক রোডে যুবদলের কর্মসূচি থাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সকাল থেকেই যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।
দুপুর ২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

















