গাজীপুর সংবাদদাতা:
শ্রমিকদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই শাখাওয়াত ইমতিয়াজ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!

আহত পুলিশ সদস্য এসআই শাখাওয়াত ইমতিয়াজ বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন।
তাঁর পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারধরের ঘটনায় এসআই ইমতিয়াজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

















