বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা এ বিষয়ে আদালতে আবেদন করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জানান, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর মক্কেল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি।
বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলাতেও জামিন পান তিনি। পরে ৩৬৫/২৪ নম্বর মামলায় আবারও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার এই মামলায় তাঁর নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল।
তিনি আরও জানান, বুধবার নতুন আরেকটি মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরদিন আদালতে হাজির হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী।
















