জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ। তাই নতুন কোনো প্রতিশ্রুতির চেয়ে উন্নত দেশগুলোর আগের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন, পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি সহায়তার দাবি নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় এই সম্মেলনে বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) থেকে তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে ১১ দিনব্যাপী জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আগামী ২০ নভেম্বর সম্মেলনটি শেষ হবে। এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করাই থাকবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
কপ-৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জাতীয় অবস্থান ও অগ্রাধিকারগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হলেও উচ্চপর্যায়ের অধিবেশনে তাঁর বক্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি প্যাভিলিয়নও স্থাপন করা হবে।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

এবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি ‘পজিশন পেপার’ তৈরি করেছে। এতে জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, বাণিজ্য এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের দাবি ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে, জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু কর্মপরিকল্পনা এনডিসি ৩.০ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন দিতে হবে। এই অর্থ কোনো ঋণ বা অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি ন্যায্য সহায়তা হিসেবে দিতে হবে। পাশাপাশি অর্থায়নের পরিমাণ, সময়সীমা এবং অর্থ ছাড়ের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা চাওয়া হবে।
বিশেষ করে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা রক্ষায় পর্যাপ্ত অর্থায়নের দাবি জানাবে বাংলাদেশ। শুধু অর্থের প্রতিশ্রুতি নয়, দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা সহজ করা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের মতো নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। এসব দুর্যোগে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। অনেক মানুষ জীবিকা হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। এতে দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রমের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই বাস্তবতা তুলে ধরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে কারিগরি সহায়তা ও আধুনিক প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানাবে বাংলাদেশ।
এবারের সম্মেলনে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নতুন প্রযুক্তি গ্রহণ এবং কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা চাওয়া হবে। তবে জ্বালানি খাতের এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশের কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কার্বন নিঃসরণসংক্রান্ত নতুন বাণিজ্যব্যবস্থা বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যয় বাড়াতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়, কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।
অন্যদিকে, প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটপণ্যের সম্ভাবনাও বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পাটের তৈরি বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের জন্য আলাদা প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটপণ্যের পরিচিতি ও চাহিদা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হবে।
কপ-৩১-এর কর্মপরিকল্পনায় শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তা এবং জলবায়ুসহনশীল নগর গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক প্রতিনিধিদলে তরুণ, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্যতা প্রতিষ্ঠা এবং টেকসই সবুজ অর্থনীতির প্রসারও থাকবে দেশের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।
এ বিষয়ে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। তাঁর মতে, কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে।
এদিকে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলোও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলছে, তা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে।
সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি ও তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরে স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামারুজ্জামান মজুমদার বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দেওয়ার আগেই নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে বিভিন্ন খাতে জলবায়ু ঝুঁকির বস্তুনিষ্ঠ তথ্য প্রস্তুত রাখা প্রয়োজন।
সব মিলিয়ে এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য হিসাব তুলে ধরা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার বাস্তব অগ্রগতি নিশ্চিত করা। এখন দেখার বিষয়, বিশ্বনেতাদের আলোচনায় বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবিগুলো কতটা গুরুত্ব পায় এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর হয়।
















