ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে বাস দুটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (৯ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে একই মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি পার্কিং করা বাসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
















