বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।”
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।”
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, “তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।”
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
















