ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে এসব কারখানার শ্রমিকরা বন্ধের নোটিশ পেয়ে কাজে যোগ দেননি।
এদিকে, কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতি পালনের ঘটনায় আরও ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক অসন্তোষের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি শিল্পাঞ্চলে। পরিস্থিতির অবনতি হলে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

















