রাজধানীর ধানমন্ডিতে অভিনব কৌশলে একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্সে ঢুকে এসব মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংগস প্লাজায় এ চুরির ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানোর পর তারা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া দোকানে থাকা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরের দল।
এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়ে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করার ঘটনার সঙ্গে তাদেরই কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী বর্তমানে পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, পূরবী জুয়েলার্সের ব্যবস্থাপক সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
তিনি আরও জানান, শপিং মলের সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও ধরা পড়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
এদিকে, শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

















