রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়েছে। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
















