আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন শুটিং বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার শুটিং বাড়ি এলাকার মৃত জরিব উদ্দিন ও মৃত হামেদা খাতুনের ছেলে হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০); চাঁনগাঁও এলাকার মো. সাগর মিয়া ও মোসা. তহুরা খাতুনের ছেলে মো. রবিন (২৮); পাড়াগ্রাম এলাকার মো. দুদু মিয়া ও সখিনা বেগমের ছেলে মো. ইমরান হোসেন (৩২); এবং পাবনার চাটমোহর থানার দক্ষিণ সেনগ্রাম এলাকার মৃত দিলবর আলী ও মোসা. রেহানা খাতুনের ছেলে সোহেল তানভীর বিজয় (৩০)। তিনি বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও এলাকায় ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আশুলিয়ার শুটিং বাড়ি এলাকা থেকে ওই চারজনকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
বগুড়ার ফাঁপড়ে ২০০ বছরের পুরনো জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি হাবিবুর রহমান ওরফে গেল্লার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা এবং একটি অন্য মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ রবিবার (১১ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















