কুমিল্লা প্রতিনিধি:
‘খালা, খালা এই দিকে আসেন। এইভাবে ঝাড়ু দিলে হবে না। রাস্তায় জমে থাকা বালি সরাতে হবে।’ কথাগুলো বলছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার (৩১ অক্টোবর) সকালে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ দেখানোর জন্য প্রশাসক নিজেই ঝাড়ু হাতে তুলে নেন এবং রাস্তায় জমে থাকা বালি কীভাবে সরাতে হয়, তা হাতে-কলমে দেখিয়ে দেন।
শহরে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিত ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে শনিবার সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই অভিযানটি সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরিদর্শনকালে প্রশাসক চকবাজার বাসস্ট্যান্ডের শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা এবং বাসস্ট্যান্ডের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এজন্য শ্রমিক নেতা, সাধারণ জনগণসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে কুসিকের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

















