আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
















