দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থাও চেয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর এবারই প্রথম তিনি দেশে ফেরার একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দেওয়া বিবৃতি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি।
শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কারণে তার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশে ফেরার জন্য সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি।
মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এদিকে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এর পাশাপাশি বাতিল হয়ে যাওয়া কাগজপত্র পুনরায় পাওয়ার বিষয়টিও সামনে এসেছে। এসব ঘটনাকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও সরকারের কোনো মুখপাত্র সাড়া দেননি।
তবে গত রোববার রয়টার্সকে দেওয়া বক্তব্যে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সরকারি আলোচনা হয়নি বলেও জানান তিনি।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই আন্দোলন দমনে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
অভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। বর্তমানে ভারতে অবস্থানরত এই সাবেক প্রধানমন্ত্রীর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নতুন করে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: রয়টার্স
















