রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বেলী রাণী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় বসবাস করেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন।
ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রাণী বাড়িটির দোতলায় একা থাকতেন। নিচতলায় বসবাস করতেন ভাড়াটিয়ারা। গত দুই থেকে তিন দিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। এ সময় প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ভবনের ভাড়াটিয়া মো. মারুফ বলেন, গত শুক্রবার বেলী রাণীকে শেষবারের মতো দেখেছিলেন তিনি। এরপর থেকে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তাঁদের ধারণা ছিল, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড এবং তাঁকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
















