গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালায় মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনায় ছাদে আটকে পড়া ৬৯ কর্মী-কর্মচারীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ভেতরে থাকা কর্মীরা ছাদের দিকে চলে যান। সেখানে ছাদের তালা ভেঙে তারা অবস্থান নেন।
ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ও কারখানার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করে। ছাদে আটকে পড়া কর্মীদের নিরাপদে নামিয়ে আনতে ল্যাডার ব্যবহার করা হয়। একই সঙ্গে উদ্ধার অভিযান ও আগুন নির্বাপণের কাজ চলতে থাকে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছাদ থেকে অন্তত ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।

















