গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও ছেলে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে পলাশবাড়ী উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তালুক জামিরা গ্রামের একটি টিনশেড বসতবাড়ির উত্তর দুয়ারি ঘরে নারী কনস্টেবল শম্পা আক্তারের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং বিভিন্ন মূল্যমানের ৭ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করা হয়।
চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

এ ঘটনায় মোছা. মিনি বেগম (৪৮), তার স্বামী আনিসুর রহমান (৫২) এবং ছেলে মিন্টু মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আনিসুর রহমান ও মিন্টু মিয়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটক মিনি বেগম তালুক জামিরা গ্রামের মৃত আলতাফ আলীর মেয়ে এবং আনিসুর রহমানের স্ত্রী। পলাতক অপর দুই আসামি আনিসুর রহমান ও মিন্টু মিয়া একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

















