ময়মনসিংহ প্রতিনিধি:
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে নারীরা যে ভয়াবহ নিরাপত্তাহীনতা ও অবমাননার শিকার হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি গভীর আদর্শিক সংকটের ফল। ইসলাম নারীকে যে সুমহান মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা দান করেছিল, তা থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজ পারিবারিক ও সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। বস্তুবাদী সমাজব্যবস্থা নারীকে মানুষ হিসেবে নয়, বরং বাজার অর্থনীতির পণ্য হিসেবে উপস্থাপন করছে, যা নারীর সম্মানকে চরমভাবে লাঞ্ছিত করছে।
তিনি আরও বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ বা পশ্চিমা ধাঁচের নারী মুক্তি আন্দোলন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, পারবেও না। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, যারা বড় বড় নারী অধিকারের বুলি আওড়ায়, তাদের নিজেদের দলেই আজ নারীরা চরম নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। সুতরাং, মানুষ্য তৈরিকৃত সকল মতবাদ ও ব্যবস্থা নারীদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট।
ইমাম সেলিম উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, হেযবুত তওহীদের পতাকাতলে একত্রিত হয়ে প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই হোক আপনাদের মূল লক্ষ্য। আল্লাহর দেওয়া হুকুম ও তওহীদের ভিত্তিতেই কেবল পৃথিবীতে শান্তি ও নারীর প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই বর্তমানের আইয়ামে জাহেলিয়াতসম অন্ধকার যুগ থেকে মুক্তি পেতে আপনাদের আপসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী বলেন, “আরবের জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না, ইসলামই তাদের মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিয়েছিল। আজ মানবসৃষ্ট বিধান অনুসরণের ফলে নারীরা বিশ্বজুড়ে তাদের অধিকার ও নিরাপত্তা হারিয়েছে, জাহিলি যুগের অবস্থায় ফিরে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।”
তিনি নারী কর্মীদের উদ্দেশে বলেন, “আইয়ামে জাহেলিয়াতের যুগ পরিবর্তনে রসুল (সা.) ও তার সাহাবিরা সংগ্রাম করেছেন, যেখানে নারী সাহাবিরাও অনন্য ভূমিকা রেখেছেন। বর্তমান অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করতে আপনাদেরও সেই নারী সাহাবিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।” এসময় উপস্থিত নারী সদস্যরা মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় জীবন-সম্পদ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক সামিয়া আক্তার ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ময়মনসিংহ বিভাগের জেলা ও উপজেলা থেকে আসা হাজারো নারী সদস্যের স্বতঃস্ফূর্ত পদচারণায় অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানস্থলে প্রধান অতিথির আগমন ঘটলে গগনভেদী স্লোগানে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে, যা সম্মেলনস্থলে এক দারুণ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
















