রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। বুধবার (১৮ নভেম্বর) সকালে লাগা আগুনে বস্তির বেশ কয়েকটি টিনশেড ও আধাপাকা ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে আরও সময় প্রয়োজন। এ জন্য সারাদিন পর্যন্ত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম চলতে পারে।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তিনি বলেন, সাততলা বস্তিতে মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। অগ্নিকাণ্ডে তাদের বেশ কয়েকটি টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্তের মাধ্যমে এসব বিষয় নির্ধারণ করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হতাহতের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২৫ সালেও সেখানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বহু ঘরবাড়ি পুড়ে যায়।
ঘনবসতিপূর্ণ এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও তুলনামূলক বেশি। সরু রাস্তা, ঘরবাড়ির ঘনত্ব এবং বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায়। পাশাপাশি নিম্নমানের বৈদ্যুতিক তার, অনিরাপদ সংযোগ, রান্নার কাজে গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও গ্যাস লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে, বস্তির ভেতরের সরু পথ ও আশপাশের সড়কের যানজটের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে প্রায়ই বেগ পেতে হয়। অতীতে জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। তবে এবারের আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















