জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। অন্যদিকে, ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন নাঈম শেখ। তার ১৩১ রানের ইনিংসে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ।
রাজশাহীর বিপক্ষে টসের পর বল হাতে নেমে শুরু থেকেই দাপট দেখান খুলনার শেখ মেহেদী হাসান। তার ৩৮ রানে ৬ উইকেট শিকারে রাজশাহীর ইনিংস থামে মাত্র ১১৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে আসে ২১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের উদ্বোধনী জুটিতে আসে ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। তবে ফিফটি তুলে নিয়ে ৯৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন তামিম। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে। প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান।
বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও!
দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছে ঢাকা বিভাগ। প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৪৩ রান তুলেছে দলটি। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও জিসান আলম যোগ করেন ১৫৫ রান। ৮১ রান করে ফেরেন জিসান।
অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নাঈম শেখ। ঢাকার হয়ে আশিকুর রহমান করেন ১০ রান। দিন শেষে মার্শাল আইয়ুব ৮০ রানে অপরাজিত আছেন। মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩ বলে করেছেন ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই শিকার করেছেন নাসুম আহমেদ।
















