ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও ব্যবসায়ীদের প্রস্তাবে সরাসরি সাড়া দেবে না সরকার। বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে গেছে। এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি ও প্রস্তাব জানিয়েছেন।
৭০ বছর পর আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু!

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে এবং সার্বিক পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে দাম বাড়ানো হবে না।
এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দেশি ও বিদেশি বিনিয়োগের ওপর না পড়ে, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। এ বিষয়টি সরকার বিশেষভাবে নজরে রাখছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদরের সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

















