রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে নগরীর সিএমএম আদালত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, উত্তরা ও মিরপুরসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে একই সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একই সন্ধ্যায় এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

















