ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে লুকিয়ে অবস্থানের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। রোববার বিকালে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তিনি মারধরের শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকালে জগন্নাথ হলের একটি ক্যান্টিনে এ ঘটনা ঘটে। আটক অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকালে তিনি হলের একটি ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল জানান, ছাত্রলীগের পদধারী কোনো নেতার নামেই বর্তমানে হলে আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে। অর্ক সাহা মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে। রোববার শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে আটক করেন।
তিনি আরও জানান, হলে অন্য কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে হল প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন দেখবে।
এদিকে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় অভিযোগ করেন, অর্ক সাহা দীর্ঘদিন ধরে রাতে লুকিয়ে হলে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে আটক করা হয়। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশি তদন্তের তথ্য পাওয়া যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

















