দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের সভাপতি শিক্ষাবিদ রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব কাশেম মাহমুদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. আনিসুজ্জামান, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএম মো. শামসুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ ও রুফায়দাহ পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া, হেযবুত তওহীদের যুগ্ম নারী সম্পাদক আয়শা সিদ্দিকা, ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা ইসলাম, সবার জন্য বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য ইলা ইয়াসমিন প্রমুখ।
সভায় বর্তমান শিক্ষাব্যবস্থার অসারতা, ত্রুটি ও সংকট তুলে ধরে এর পরিবর্তে নৈতিক গুণাবলি, দেশপ্রেম, আদর্শ এবং আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে একটি একমুখী, বিজ্ঞানসম্মত ও জীবনমুখী শিক্ষাব্যবস্থার প্রস্তাবনার ওপর আলোচনা করেন বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, শিক্ষিত লোকদের নৈতিকতাহীন জীবনযাপন, দুর্নীতি ও স্বজনপ্রীতি বর্তমান শিক্ষাব্যবস্থার চরম ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। আজ পর্যন্ত একটি টেকসই, গ্রহণযোগ্য ও স্থায়ী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে না পারা জাতির জন্য বড় ধরনের ব্যর্থতা। এই ব্যর্থতার ফল এই যে, বর্তমানে আমাদের তরুণ সমাজ দিশাহীন; দেশে লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ বেকার। একই সাথে সর্বত্র নৈতিকতার স্খলন ও দেশপ্রেমের অভাব প্রকট হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, আগামী দিনের বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিজ্ঞান ও নৈতিকতাসম্পন্ন শিক্ষিত মানুষ গড়ে তুলতে হলে প্রয়োজন নতুন শিক্ষাব্যবস্থা। সেই প্রস্তাবনা নিয়ে দেশের শিক্ষিত ও সচেতন নাগরিকদের সাথে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ শিক্ষক ফোরাম।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইনসান আলী, অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক তালুকদার আব্দুল মান্নাফ, মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সত্য গোপাল মালাকার এবং মাওলানা ভাসানীর পুত্রবধূ ও সমাজসেবিকা পারভীন নাসের ভাসানী প্রমুখ।

















