পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না। সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই আন্দোলনের এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের এই আন্দোলন যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না।
অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি আরও বলেন, আন্দোলনে যদি ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তার দায়ও সরকারকে নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। অথচ দেশের শত্রু এবং জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে তুলে ধরতে দেখা যায়নি বলে মন্তব্য করেন নাহিদ।
বিরোধীদলীয় হুইপ বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচশ আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা থাকলেই আন্দোলন থামবে। কিন্তু সরকারের ওপর জনগণের আস্থা নেই। তার অভিযোগ, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেঈমানি করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার ভঙ্গ করেছে।
এদিকে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলাবাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো। এখন দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ পরিস্থিতিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।
















